প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’ পেলেন দৌলতপুরের ৩ কৃতি শিক্ষার্থী

বাংলায় প্রতিদিন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৩২ অপরাহ্ণ
প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’ পেলেন দৌলতপুরের ৩ কৃতি শিক্ষার্থী

প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’ পেলেন দৌলতপুরের ৩ কৃতি শিক্ষার্থী

মেজবাহউর, বিশেষ প্রতিনিধিঃ  বাংলাদেশ স্কাউটসের স্কাউট শাখার সর্বোচ্চ সম্মাননা ‌‘প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ৩ জন কৃতি শিক্ষার্থী। দৌলতপুর উপজেলার ইতিহাসে প্রথমবারের মতো ৩ জন স্কাউট সদস্যের এই মর্যাদাপূর্ণ অর্জন।

যে সব কৃতি ছাত্র/ছাত্রী প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছেন তারা হলেন- ফিলিপনগর ইউনিয়নের হাফিজুল মালিথার ছেলে, ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র মোঃ আব্দুল্লাহ আল শাফি। একই বিদ্যালয়ের স্কাউট গ্রুপের সদস্য হলেন- মহিবুল মালিথার ছেলে মোঃ আবু সাঈদ নবাব ও নাসির উদ্দিন বিশ্বাস গার্লস ইন স্কাউট গ্রুপের সদস্য অরুপ কুমার সরকারের মেয়ে অর্পিতা রানী সরকার।

স্কাউট সদস্যদের এই অর্জন কোনো তাৎক্ষণিক সাফল্য নয়, এটি দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা, সমাজসেবা এবং নৈতিক মূল্যবোধ চর্চার ফল। এই অ্যাওয়ার্ড অর্জনে একজন স্কাউটকে উপজেলা, জেলা, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতারসহ বহু ধাপের পরীক্ষায় সফলভাবে অতিক্রম করতে হয়।

এছাড়া বাধ্যতামূলকভাবে অর্জন করতে হয় কমপক্ষে ১৬টি পারদর্শিতা ব্যাজ, যার মধ্যে রয়েছে প্রাথমিক চিকিৎসা, ক্যাম্পিং, পরিবেশ সুরক্ষা, রান্না, দুর্যোগ ব্যবস্থাপনা, সমাজসেবা, নেতৃত্ব গুণাবলি ইত্যাদি।

দৌলতপুর উপজেলা স্কাউটস এর স্কাউট লিডার স্কাউটার মো. মিজানুর রহমান( উডব্যাজার) বলেন, তাদের এই অর্জন শুধু ফিলিপনগর স্কাউট গ্রুপের জন্য নয়, বরং সমগ্র দৌলতপুর উপজেলার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। স্কাউটিং শুধুমাত্র শারীরিক কৌশলের চর্চা নয়, এটি একজন মানুষকে আত্মনির্ভরশীল ও মানবিক করে গড়ে তোলে। আমরা এখন কোয়ালিটি স্কাউটিং নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি যাতে ভবিষ্যতে আমাদের উপজেলা থেকে আরও প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড বিজয়ী স্কাউট তৈরি হয়।

উপজেলা কমিশনার স্কাউটার শাহরিয়ার হোসেন( সিএ এলটি) বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরিত এই অ্যাওয়ার্ড একজন স্কাউটের জীবনে অনন্য গৌরবের প্রতীক। এটি তার আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ বিকাশে অনুপ্রেরণা যোগাবে।’

স্কাউটিং শুধুমাত্র একটি সহ-শিক্ষা কার্যক্রম নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনমুখী শিক্ষা। স্কাউট সদস্যরা শেখে কীভাবে দুর্যোগে পাশে দাঁড়াতে হয়, কীভাবে সমাজকে এগিয়ে নিতে হয়, কীভাবে নিজের চরিত্র গঠন করতে হয়। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন-পাওয়েল বলেছিলেন, ‘পৃথিবীকে যেমন পেয়েছ, তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা কর’। স্কাউটরা যেন সেই কথার প্রতিফলন।

আব্দুল্লাহ তার প্রতিক্রিয়ায় জানান, ‘এই স্বীকৃতি আমার জন্য যেমন গর্বের, তেমনি দায়িত্বের। আমি আমার অর্জন উৎসর্গ করছি আমার অভিভাবক ও স্কাউট লিডারদের প্রতি, যারা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছেন। ভবিষ্যতে আমি আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চাই।’

বাংলায় প্রতিদিন ফেসবুক পেজ